ঢাবি শিক্ষার্থী পাভেলকে মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি : সোচ্চারের উদ্বেগ
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১১ মার্চ ২০২৬
ঢাবি শিক্ষার্থী পাভেলকে মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি : সোচ্চারের উদ্বেগ
সোচ্চার - Torture Watchdog Bangladesh গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে ছাত্রলীগ করার অভিযোগে একদল শিক্ষার্থী মারধর করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, গত সোমবার ভোরে সাহরির সময় বুয়েট ক্যাম্পাসে অবস্থানকালে কয়েকজন শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে আটক করে দীর্ঘ সময় ধরে শারীরিক নির্যাতন করে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা তাকে মারধর করার পাশাপাশি তার মোবাইল ফোন, বাইকের চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ধরনের ঘটনা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানবাধিকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় বা অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা সম্পূর্ণভাবে নিন্দনীয় এবং আইনের শাসনের পরিপন্থী। একটি নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব।
আমরা মনে করি, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা আবশ্যক।
সোচ্চার - এর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিম্নলিখিত সুপারিশসমূহ প্রদান করা হচ্ছে:
১। ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। ভুক্তভোগী শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।
৪। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে র্যাগিং ও সহিংসতা বিরোধী নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আইনের শাসন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
মিডিয়া ও পাবলিকেশন উইং
সোচ্চার - Torture Watchdog Bangladesh
Email: [email protected]